গুরুদাসপুরে ব্যাংক কর্মকর্তাকে মারপিট করে টাকা ছিনতাই

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নাটোরের গুরুদাসপুর শাখার সিনিয়র কর্মকর্তা খায়রুল আলম (৩৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় শ্রীপুর গ্রামের হাসান আলীকে (৩০) অভিযুক্ত করে মামলা হয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের চরপিপলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গুরুদাসপুর শাখার ব্যাবস্থাপক মো. বাবুল আক্তার বলেন, ‘খায়রুল আলম রবিবার দিনভর গ্রামের কৃষকদের কাছ থেকে বকেয়া ঋণ আদায় করেছিলেন। রাত হয়ে যাওয়ার তিনি বাড়িতেই ছিলেন। সকালে ব্যাংকে যাওয়ার পথে তার পথরোধ করা হয়। তারপর খায়রুল তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করলে একপর্যাযে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার কাছে থাকা প্রায় এক লাখ টাকা খায়রুল নিয়ে যায়।’
 
অভিযুক্ত হাসান আলী মোবাইল ফোনে দাবি করেন, পূর্ববিরোধের কারণে তাকে মারপিট করা হলেও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।