ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ফিরছেন সুয়ারেজ

ফিফা নিশ্চিত করছে আগামী মার্চ মাসের ২৫ তারিখ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-উরুগুয়ে। ব্রাজিলের রেসিফে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়ে নয় ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে উরুগুয়ের জার্সিতে মাঠে ফিরবেন লুইস সুয়ারেজ।
 
২০১৪ বিশ্বকাপে ইতালির জিওর্জিও কিয়েল্লিনিকে কামড় দিয়ে চার মাস নিষেধাজ্ঞার পাশাপাশি নয়টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হন সুয়ারেজ। নয় ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি কাটানোর পরে অবশেষে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি দিয়েই ফিরবেন তিনি। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচটি ২৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি একদিন পিছিয়ে দেয়া হয়েছে। 
 
দলের সেরা স্ট্রাইকারকে ছাড়াও ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু করেছে উরুগুয়ে, চার ম্যাচের তিনটিতে জিতেছে তারা। আর ব্রাজিল প্রথম ম্যাচে হারলেও এরপরের তিন ম্যাচের দুটিতে জিতেছে ও আর্জেন্টিনার সঙ্গে ড্র করেছে। ব্রাজিল পরবর্তী ম্যাচে ২৯ মার্চ প্যারাগুয়ের মুখোমুখি হবে। গোল.কম।