মাহবুব শরীফ
বাংলাদেশে ‘সুপার অ্যাপ’ হবার লক্ষ্য নিয়ে রাইড শেয়ারিং অ্যাপ সহজ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে চালু করলো ফুড ডেলিভারি সেবা। দুই মাস আগে এর পরীক্ষামূলক সংস্করণ চালু হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার তাসকিন আহমেদ।
রেস্টুরেন্ট এবং ডেলিভারির মানের ওপর ভিত্তি করে সহজ ফুড ডেলিভারি পার্থক্য গড়ে তুলেছে। ইতোমধ্যে রাজধানীর এক হাজারেরও অধিক রেস্টুরেন্টকে সহযোগী করা হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী মাসে অর্থাত্ মে ২০১৯ এর মধ্যে এই সংখ্যা দুই হাজারেরও বেশি হবে। মানসম্মত ডেলিভারি নিশ্চিত করতে সহস্রাধিক ডেলিভারি ম্যানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং যথাযথ পোশাক এবং বিশেষ থার্মাল ডেলিভারি ব্যাগসহ প্রস্তুত করা হয়েছে। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন শহরে সেবা প্রদান করা হচ্ছে এবং এপ্রিল ২০১৯ এ চট্টগ্রামে এই সেবা চালু করা হবে। অর্ডারকারীদের কাছে মাত্র ৪০ মিনিটে ডেলিভারি অঙ্গীকার করছে প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে সহজের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মালিহা কাদির বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য একটি সুপার অ্যাপ তৈরি করছি; এমন একটি অ্যাপ যা দৈনিক সব প্রয়োজনের সমাধান করতে পারবে। গত এক বছরে আমরা সফলভাবে ঢাকা ও চট্টগ্রামে রাইড শেয়ারিং সেবা পরিচালনা করে আসছি। আমাদের সার্বিক কৌশলের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে খাবার ডেলিভারি এবং এই সেবা নিয়ে আসতে পেরে আমরা বেশ আনন্দিত। রেকর্ড সময়ের মধ্যে এক হাজারেরও বেশি রেস্টুরেন্টকে সহযোগী করেছি যা আমাদের কাজের গতি এবং আমাদের প্রতিজ্ঞাবদ্ধতার পরিচায়ক। রেস্টুরেন্টগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি যেন গ্রাহকরা সর্বোত্তম সেবা লাভ করতে পারে। আর আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ডেলিভারি ম্যানরা মানসম্মত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করবে।’
সহজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও খ্যাতনামা ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের আপামর জনতার জীবন সহজ করার প্রতিজ্ঞাবদ্ধতায় গত ৪ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সহজ। তারা বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং সহজ ফুডসের এ আনুষ্ঠানিক উদ্বোধন তারই পরিচায়ক। এমন একটি চমত্কার প্লাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।’
সংবাদ সম্মেলনে সহজ অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খুব সহজে খাবার অর্ডার করা প্রদর্শন করে।
সহজ ফুডের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি ‘মাথা নষ্ট ফুড ফেস্ট’-এর নতুন ক্যাম্পেইন ভিডিও প্রদর্শন করা হয়। ‘বার্গার ফেস্ট’-এর সাফল্যের পর সহজ এই ক্যাম্পেইনটি চালু করেছে যা চলবে মার্চ ১৩ থেকে মার্চ ১৯, ২০১৯ তারিখ পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অ্যাপ ব্যবহারকারীরা অংশগ্রহণকারী রেস্টুরেন্টগুলো থেকে অর্ডার করে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন (শর্ত প্রযোজ্য)। এছাড়াও এক হাজার রেস্টুরেন্ট এবং ৩০ হাজার আইটেম থেকে খাবার অর্ডার দিয়ে ব্যবহারকারীরা পাবেন ফ্রি ডেলিভারি। অর্ডারের ন্যূনতম মূল্য ঠিক করা হয়েছে মাত্র ৫০ টাকা থেকে। এই ক্যাম্পেইন শুধু সহজ অ্যাপ এর জন্য প্রযোজ্য হবে। ব্যবহারে সহজ এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।