নওগাঁর ধামইরহাট উপজেলায় এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলার শিকার আব্দুল আজিজ মন্ডল ধামইরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার টিএনটি বাজার থেকে দৈনিক ভোরের কাগজের ধামইরহাট প্রতিনিধি আব্দুল আজিজ মন্ডল বাড়ি ফিরছিলেন। পথে দৌলতপুর গ্রামের আজিম উদ্দিন ও একই গ্রামের মাদক ব্যবসায়ী ফরিুকের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী পিছন থেকে তার উপর অতর্কিতে হামলা চালিয়ে তাকে মারপিট করতে থাকে। এ সময় তাকে উদ্ধারে বেইলী মোড়ের ফারুক হেসেন, মিনু ও মালা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।