চট্টগ্রাম নগরী চলাচল করা অনিবন্ধিত অটোরিকশার বিরুদ্ধে আলাদা অভিযানে ১৬৪টি অটোরিকশা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশ আলাদাভাবে এসব অভিযান চালায়। অভিযানে মিটার ছাড়া চলাচলসহ বিভিন্ন অভিযোগে মোট ১০৭টি মামলাও করা হয়।
অনিবন্ধিত অটোরিকশা মালিকদের করা তিনটি রিট ২৭ জানুয়ারি আদালত খারিজ করে দেওয়ার পর এ অভিযানে নামে পুলিশ ও বিআরটিএ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান জানান, অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ১৬০টি অনিবন্ধিত অটোরিকশা আটক করা হয়েছে। পাশাপাশি মিটারবিহীন ৯১টি সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়। মিটারবিহীন ও অনিবন্ধিত অটোরিকশার বিরুদ্ধে সোমবার থেকে শুরু করা পুলিশের এই অভিযান চলবে বলে জানান তিনি।
অন্যদিকে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত অনিবন্ধিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে চারটি গাড়ি জব্দ করেছে।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ জানান, অভিযানে চারটি অটোরিকশা জব্দের পাশাপাশি ১৬টি মামলা এবং ৩০ হাজার ৩০০ টাকা জরিমানাও করা হয়।