লা লিগায় এক ম্যাচ হাতে রেখেই দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো থেকে তিন পয়েন্টে এগিয়ে বার্সেলোনা, রিয়াল থেকে চার পয়েন্টে। এমন অবস্থায় বার্সা যদি লা লিগা জিততে না পারে তাহলে সেটিকে নিজেদের ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে বলে মনে করেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে।
শনিবার অ্যাটলেটিকোর বিপক্ষে ২-১ গোলে জিতে লা লিগায় বেশ ভালো অবস্থানে রয়েছে বার্সেলোনা। ২১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৫১, এক ম্যাচ বেশি খেলে অ্যাটলেটিকো ও রিয়ালের পয়েন্ট যথাক্রমে ৪৮ ও ৪৭। বার্সেলোনার লিগে যদিও ১৭ টি ম্যাচ বাকি, তারপরেও তাদের কঠিন ম্যাচ অনেক কম। রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিগের এল ক্লাসিকোটিও হবে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে। অথচ রিয়াল ও অ্যাটলেটিকোর মুখোমুখি হওয়ার ম্যাচটি এখনো বাকি রয়েছে।
এই অবস্থায় লা লিগা জেতার পথে খুব ভালোভাবে রয়েছে বার্সা। পিকে আরএসি ১ রেডিওর সঙ্গে এই প্রেক্ষিতে বলেছেন, লা লিগা এখনো জেতা হয়নি, তবে আমরা খুব ভালো অবস্থানে আছি। আর এখন আমরা যদি লিগা জিততে না পারি সেটা হবে আমাদের ব্যর্থতা। এমনটা আমরা কখনো হতে দিতে পারি না। বার্সেলোনার ড্রেসিং রুম হারতে পছন্দ করে না উল্লেখ করে এই সেন্টারব্যাক বলেন, আমরা পরাজয়ের অনুভূতিটা পছন্দ করি না। কখনো কখনো সেরা হয়েও আপনি জিততে পারবেন না, তবে আমরা জেতার চেষ্টাটা করে যাবো সবসময়। এখন আমাদের সময় উপভোগ করার এবং আরো ভালো করার। মার্কা।