কথিত চুরির অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের কৃষক এখলাছ উদ্দিনের ছেলে বিকরাম হোসেনকে (১৮) হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় এখলাছ উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতিত কিশোরের পরিবার ও এলাকাবাসী জানায়, রবিবার বিকালে বিকরাম হোসেন বাড়ি থেকে বের হলে মোবাইল চুরির কথিত অভিযোগ এনে চন্ডিপাশা গ্রামের নজরুল ও রফিকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটায় এবং বাম হাতের নখে সুঁই ঢুকিয়ে নির্যাতন করে। এ সময় বিকরাম হোসেনের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে নির্যাতনকারীরা পালিয়ে যায়। পরে আহত বিকরাম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
মঙ্গলবার সকালে চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. মাইন উদ্দিন সুষ্ঠু বিচারের মাধ্যমে বিষয়টির আপোষ-মীমাংসা করবেন জানালেও এখন নানান টালবাহানা করছেন। তাই নির্যাতনকারীদের বিচারের দাবিতে এলাকাবাসী দুপুরে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের কোদালিয়া নামক স্থানে সড়ক অবরোধ করে।
খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই শেখ জিয়াউল রাব্বি ও চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।
চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. মইন উদ্দিন জানান, নির্যাতিত কিশোরকে দরবারে হাজির করতে না পারায় আপোষ করা সম্ভব হয়নি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।