যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যশোরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মানিক (২৭) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় আরো ৩ যুবলীগ কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত যুবলীগ কর্মী মানিক শহরের কাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আহত তিন যুবলীগ কর্মীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ও নিহতরা প্রত্যেকেই যুবলীগ কর্মী বলে জানা গেছে।
 
আহতরা হলেন, শহরের কাজীপাড়া এলাকার কাঞ্চনের ছেলে জাহাঙ্গীর (৩০), মোহাম্মদ আলীর ছেলে লিপন (২৮) ও একই এলাকার আসাদুল (২৩)।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।'