অগ্রণী ব্যাংকের শাখা চাই

আমরা ঠাকুরগাঁও সদর উপজেলাধীন ঠাকুগাঁও রোড এলাকার অধিবাসী। এই অঞ্চল ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রধান বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত। ঠাকুরগাঁও রোড অঞ্চল দিয়ে ভারত-বাংলাদেশের ট্রানজিট লিংক সড়ক সংযুক্ত হয়েছে। এলাকাটির ভৌগোলিক ও বাণিজ্যিক অবস্থানের কারণে এটি উত্তরবঙ্গের একটি সম্ভাবনাময় বাণিজ্যিক এলাকা। এই এলাকায় প্রায় আট লাখ মানুষের বসবাস। এখানে রাষ্ট্রীয় মালিকানাধীন ঠাকুরগাঁও সুগার মিলস, কয়লা তাপবিদ্যুত্ কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, আন্তঃনগর রেলওয়ে স্টেশন ও ইক্ষু গবেষণা কেন্দ্র ছাড়াও কোল্ড স্টোরেজ, পেট্রোল পাম্প, সরকারি পলিটেকনিক কলেজ, বেসরকারি ডিগ্রি কলেজ, হাই স্কুল, মাদ্রাসা ও খাদ্য গুদাম রয়েছে। পাশেই বিসিক শিল্পনগরী। এখানে আরো দুটি ব্যাংক থাকলেও সরকারি সেবা যেমন বয়স্কভাতা, মুক্তিযোদ্ধাভাতা, কৃষকদের ভর্তুকি, আর্মি পেনশন, পিডিবি-র বিদ্যুত্ বিল ইত্যাদি সেবা পেতে এলাকাবাসীকে দূরবর্তী অগ্রণী ব্যাংকের জেলা সদরের একমাত্র শাখায় যেতে হয়, যা সকলের জন্য অতি কষ্টকর। তাই এ এলাকায় অগ্রণী ব্যাংকের একটি শাখা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সামসুজ্জামান, ঠাকুরগাঁও রোড, ঠাকুরগাঁও