খুব শিগগির ঠাকুরগাঁও বিমানবন্দর সচল করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, 'বর্তমান সরকার দেশের অব্যবহৃত বিমানবন্দর চালুর পরিকল্পনা করছে। সেই প্রেক্ষিতে আমি দেশের বিভিন্ন বিমান বন্দর পরিদর্শন করছি। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।'
এসময় মন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে বিমান বন্দর পরিদর্শনের রিপোর্ট পেশ করে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ বিমান বন্দর চালু করার আশা প্রকাশ করেন।
রাশেদ খান মেনন আরো বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার পরে সব বিমানবন্দর নিয়ে কাজ শুরু করেছি। সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমান বন্দর করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চগড় স্থলবন্দর চালু হলে এ এলাকায় বিমান লাভবান হবে বলে আমি আশা করছি। তাই এ এলাকায় যে বিমান বন্দর আছে তা দ্রুত মেরামত করে আমি চালু করার ব্যবস্থা করবো।'