তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন তৈরিতে পিছিয়ে থাকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমালোচনা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সঠিক তথ্য না থাকায় বিদেশি বিনিয়োগ আনতে সমস্যা হচ্ছে।’
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘আইসিটি ইউজ অ্যান্ড একসেস বাই ইনডিভিজুয়ালস অ্যান্ড হাউজহোল্ড, বাংলাদেশ-২০১৩’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।
২০১৩ সালের প্রতিবেদন ২০১৬ সালে দেয়ায় বিবিএসের সমালোচনা করে পলক বলেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য, ২০১৩ সালের প্রকাশনাটা এখন ২০১৬ সালে এসে দেখতে হচ্ছে। আমরা কি এভাবেই দুই বছর পরপর প্রকাশনা প্রকাশ করব, নাকি তথ্য হালনাগাদ করে সারা বিশ্বের কাছে প্রকৃত তথ্যটা তুলে ধরব?’
আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ‘হার্ডওয়্যারে এগিয়ে গিয়েছি, সফটওয়্যারে রেজিস্ট্রারড কোম্পানিগুলো ২৫০ মিলিয়ন ডলার আয় করেছে, ফ্রিল্যান্সিং থেকে ৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করছি। এগুলো কিন্তু পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে নেই। প্রতিবেদন বলছে ১০০ মিলিয়ন ডলার আয় হয়েছে, অথচ তা ৩০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।’