২০১৬ সালে প্রথম আন্তর্জাতিক সফর হিসেবে বাংলাদেশ সফর করছেন যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকর চেয়ারম্যান ফ্রেড পি. হকবার্গ। চলতি সপ্তাহেই বাংলাদেশ সফর করবেন বলে বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়।
সফরের কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং ভোক্তা চাহিদার কারণে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে প্রতিযোগিতা করতে চায়। দেশটির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেন বাংলাদেশে প্রতিযোগিতা করতে পারে সেজন্য সহায়তা করবে এক্সিম ব্যাংক।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নির্মিত উড়োজাহাজ, যন্ত্রপাতি, স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি নিয়ে আমরা গর্বিত। এই পণ্যগুলো সবচেয়ে নিরাপদ, পরিবেশবান্ধব এবং টেকসই হিসেবে বিশ্বব্যাপী বিবেচিত।
ভ্রমণকালে তিনি অর্থনৈতিক, সরকারি এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন বলেও জানান।
প্রেসিডেন্ট ওবামার মেয়াদে এক্সিম ব্যাংক যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পঁয়ষট্টি কোটি ডলারের বেশি রপ্তানি করতে সহায়তা করেছে – আগের যে কোন প্রশাসনের চেয়ে যা সবচেয়ে বেশি বলে জানান তিনি।
ভবিষ্যতে তিনি বিনিয়োগের আরো বেশি সুযোগ দেখছেন বলে মন্তব্য করে বলেন, বাংলাদেশের সুযোগ হচ্ছে এখানকার ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী।
তিনি বলেন, বাংলাদেশ বড় বড় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছে, আমরা এক্সিম ব্যাংক উক্ত প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেন প্রতিযোগিতামূলক অবস্থানে থাকে সে ব্যাপারে সহায়তা করব। আমাদের কাজ হচ্ছে বিদেশি বাজারে বিনিয়োগের ঝুঁকি কমানো যেন যুক্তরাষ্ট্র বাংলাদেশি গ্রাহকদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বড় ধরনের সুযোগ কাজে লাগাতে পারে।
বক্তব্যের শেষে তিনি বলেন, আমি গর্বিত যে বাংলাদেশে সুযোগগুলো কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারে সে ব্যাপারে এক্সিম সাহায্য অব্যাহত রাখবে।