রাজধানীর মিরপুর লালমাটিয়া ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী মীম (৭) স্কুলে যাওয়ার পথে বুধবার সকালে অপহৃত হয়। পরে সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে জংশন থেকে তাকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য নাঈমকে আটক করে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। উদ্ধারকৃত শিশুটি মিরপুর ১০ নম্বর এলাকার চুন্নি রোডের সিরাজুল ইসলামের মেয়ে।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় অপহরণকারী চক্রের সদস্যরা ওই মেয়েটিকে নিয়ে টঙ্গী রেলওয়ে জংশনে নামলে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও যাত্রীদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে অপহরণের ঘটনাটি ফাঁস হয়ে পড়ে। এ সময় অপহূত স্কুলছাত্রী মীমকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্য নাঈমকে আটক করে মিরপুর থানা পুলিশে সোপর্দ করে। আটককৃত নাঈম গাজীপুরের জয়দেবপুর থানার পাদুরিয়া গ্রামের মারফত আলীর ছেলে।