করদাতাদের হয়রানি না করার নির্দেশ এনবিআর চেয়ারম্যানের

ইত্তেফাক রিপোর্ট

কর আদায়ে পেশাদারিত্বের মনোভাব রাখা ও অযথা করদাতাদের হয়রানি না করতে নতুন কর কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে কর একাডেমিতে কর কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিসিএস কর একাডেমির মহাপরিচালক মো. লুত্ফুল আজীমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এনবিআরের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিসিএস কর একাডেমিতে ৪০ জন সহকারি কর কমিশনার ছয় মাসব্যাপী বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ নেন। শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থী হিসেবে মহাপরিচালক পদক প্রাপ্ত হন সোহানা আফরোজ সাঈদ।