১২ শ গ্রাম হেরোইন রাখার দায়ে নাটোর দায়রা জজ আদালত এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে। প্রসঙ্গত, আড়াই বছর আগে এসব হেরোইনসহ ওই যুবককে ডিবি পুলিশ আটক করে।
বৃহস্পতিবার আদালতের বিচারক মো. রেজাউল করিম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক আহমেদ রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষবাথান গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথির বরাত দিয়ে সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, ২০১২ সালের ১২ জুলাই বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটা টোলপ্লাজার সামনে অভিযান চালানো হয়। এ সময় হানিফ পরিবহনের একটি বাসে ফারুকের (৩২) ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশ এ পরিমাণ হেরোইন পায়। এবং তাকে আটক করে। এরপর থেকে ফারুক কারাগারে আটক ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী দিনাই তাছরিন জানান, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।