দামুড়হুদায় বিদেশি পিস্তল-গুলি জব্দ

চুয়াডাঙ্গার  দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থী দলের নেতা রাশেদের বাড়ি থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ করছে পুলিশ। এ সময় একটি মোবাইলও জব্দ করা হয়।
 
বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
 
জানা গেছে, বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে দক্ষিণ চাঁদপুর গ্রামের বিল্লাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাশেদ নিজ বাড়িতে দলীয় সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। এ সময় ওই বাড়িতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাশেদসহ তার দলের লোকজন পালিয়ে যায়। এ সময় পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে চাউলের ড্রাম থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি মোবাইল ফোন জব্দ করে।
 
পুলিশ জানায়, রাশেদ এলাকার বিল্লাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।
 
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফেরদৌস বলেন,‘রাশেদসহ বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে।’