কাপ্তাই-রাঙ্গামাটি-বড়াদম সড়কের মাঝখানে গত প্রায় এক বছর ধরে একটি প্রতিবন্ধক পিলার পুঁতে রাখা হয়েছে। এই পিলারের জন্য সড়কে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুদর্শন কারবারী বলেন, কাপ্তাই-রাঙ্গামাটি সড়কের ঠিক মাঝখান বরাবর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে ২০১৮ সালের জুন মাসে এই পিলারটি বসানো হয়েছিল। সেইসময় অতি বৃষ্টিতে সড়ক ধসে পড়ার আশঙ্কা সৃষ্টি হওয়ায় সড়কের ওপর ভারী যান চলাচল বন্ধ করতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এই প্রতিবন্ধক পিলার বসানো হয়েছিল। সড়ক সুরক্ষায় সড়ক বিভাগের এই উদ্যোগ তখন সবাই মেনে নিয়েছিল। কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও সড়কের ওপর থেকে এই প্রতিবন্ধক পিলারটি আর সরানো হয়নি। এর ফলে সর্বস্তরের জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও তিনি অভিমতে জানান।
এই সড়কে নিয়মিত সিএনজি অটোরিক্সা চালক মনির হোসেন এ ব্যাপারে বলেন, সড়কের ঠিক মাঝখানে একটি পিলার থাকায় যনবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হতো। তাই গত জানুয়ারি মাসে স্থানীয় বাসিন্দা এবং যানবাহন চালকরা সড়কের ওপর থেকে পিলারটি উপড়ে ফেলে। টানা নয়দিন সড়কের ওপর কোনো পিলার ছিল না। এই অবস্থায় গত ১১ ফেব্রুয়ারি সড়ক বিভাগের পক্ষ থেকে পুনরায় আরেকটি পিলার সড়কের ওপর পুঁতে রাখা হয়। সড়কের ওপর পুনরায় প্রতিবন্ধক পিলার বসানোয় যানবাহন চলাচলে আবার সবাইকে দুর্ভোগে পড়তে হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. জামশেদ তালুকদার জানান, সড়কটি পাহাড়ের চূড়ার ওপর দিয়ে চলে গেছে। সড়কের দুই পাশে গভীর খাদ। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকায় সড়কের ওপর দিয়ে যাতে ভারী গাড়ি চলাচল করতে না পারে সে জন্য এই প্রতিবন্ধক পিলার বসানো হয়েছে। প্রতিবন্ধক পিলার থাকলেও বাস এবং ট্রাক ছাড়া সকল প্রকার যানবাহন এই সড়কের ওপর দিয়ে অনায়াসে চলাচল করতে পারছে বলেও তিনি জানান।