রাজধানীর উত্তরায় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস মহল (রুনি) অবস অ্যান্ড গাইনী বিভাগীয় প্রধানকে মুঠো ফোনে ২০ লক্ষ টাকা চেয়ে প্রান নাশের হুমকি দেওয়ায় ২ জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ডা. রুনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বাদীর এজাহার সূত্রে জানাযায়, গত ২৮ জানুয়ারি দুপুর তিনটা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা ব্যাক্তির মোবাইল ফোন দিয়ে ডা. রুনির মোবাইল ফোন প্রায় ৩৫ বার ফোন করে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। হুমকিদাতা তাকে ও পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দিতে থাকে। পরবর্তীতে পুলিশসহ ডা. রুনি টাকা দেওয়ার অভিনয় করে হুমকিদাতাদের গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টরস্থ মাস্কট প্লাজার সামনে নিয়ে আসে পরে পুলিশ হাতে নাতে ২ ব্যাক্তিকে আটক করে এবং বাকি ২ জন পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছে মো. রুবেল হোসেন ওরফে রতন (২৭), জামাল হোসেন (২৮)।
উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, আমরা কৌশলে হুমকিদাতার মোবাইল ট্রেকিং করে অবস্থান সনাক্ত করি এবং বাদিকে দিয়ে অপরাধিদেরকে ফোন করালে হুমকিদাতার ২ সদস্যকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামীদেরকে বৃহস্পতিবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।