মৌলভীবাজার প্রতিনিধি
‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’—প্রতিপাদ্যে মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ পালিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ইত্যাদি। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বায়োজিদ খানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পিটিআই সুপার এ,কে,এম সাইফুল হাসান, নজরুল ইসলাম মুহিব, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা আমিরুল কবীর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, সদর উপজেলা শিক্ষা অফিসার হোসনে খানম প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, ছাত্র-শিক্ষক আইনজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবন ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, এটিও রাপ্ররু চাই মারমা প্রমুখ।