দেশের শীর্ষস্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও রফতানিকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপকে ১৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক দুটি আর্থিক প্রতিষ্ঠান প্রোপারকো এবং এফএমও। বুধবার রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পাদিত হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, এফএমওর কৃষি বিভাগের প্রধান কর্মকর্তা মার্জোলিন ল্যান্ধি, প্রোপারকো এশীয় অঞ্চলের প্রধান সেবাস্টিয়ান ফ্লিউরি, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
IMG0
ফ্রান্স ও নেদারল্যান্ডস ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান প্রোপারকো ও এফএমও বিশ্বের উদীয়মান উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বিনিয়োগে অনুঘটক হিসেবে ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
চুক্তি অনুযায়ী প্রোপারকো ও এফএমও যৌথভাবে ৮ ও ৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সরবরাহ করবে প্রাণ এর সহযোগি প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেডকে।
আহসান খান চৌধুরী জানান, পণ্যের গুনাগুণ বজায় রাখতে উন্নতমানের প্যাকেজিং ও প্রযুক্তির বিকল্প নেই। এ ঋণ সহায়তা কাজে লাগিয়ে প্যাকেজিং শিল্পে আধুনিকায়ন এবং জুস ও বেভারেজ শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করবে প্রাণ। এ সহায়তা প্রাণকে স্থানীয় এবং আন্তর্জাতিক পরিসরে আরও প্রতিযোগী হতে ভূমিকা রাখবে।
তিনি আরো জানান, আমাদের লক্ষ্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে স্বল্পমূল্যে মানসম্পন্ন প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্য সরবরাহ করা। এ লক্ষ্যে প্রাণ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। প্রোপারকো ও এফএমওর সহযোগিতা এবং আমাদের প্রচেষ্টা সামগ্রিকভাবে দেশের কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও এফএমওর বিনিয়োগ কর্মকর্তা ডন এ্যারেন্ডস্সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।