৬.৮ ভাগ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী

 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এ বছর ৬.৮ ভাগ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। বৃহষ্পতিবার আইসিএবি আয়োজিত 'অ্যাট্রাকটিং অ্যান্ড রিটেইনিং ফাইন্যান্স পার্সোন্যাল ইন দি বাংলাদেশ পাবলিক সেক্টর' শীর্ষক রাউন্ড টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
সুশাসন ও অর্থনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএবি) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশে এ সেক্টরে প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। বিগত দিনের চেয়ে সরকারি ও বেসরকারি সেক্টরে হিসাবের মান অনেক উন্নত হয়েছে।
 
আইসিএবি'র প্রেসিডেন্ট কামরুল আবেদিন এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কনফেডারেশন অফ এশিয়া এন্ড প্যাসিফিক এ্যাকাউন্ট্যন্ট (সিএপিএ)-এর প্রধান নির্বাহী ব্রিয়ান ব্লোড, পরিচালক আনোয়ার উদ্দিন চৌধুরী।
 
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি সেক্টরের ভূমিকা অনেক। সরকারি ও বেসরকারি সেক্টরে অর্থিক শৃঙ্খলা এসেছে এবং কাজের মান বৃদ্ধি পেয়েছে। দেশ এখন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এ বছর প্রবৃদ্ধি ৬.৮ ভাগ অর্জন করা সম্ভব হবে। ফোকাস বাংলা।