হবিগঞ্জে বাহুবলের ইউএনও’র বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর মানহানি মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন আহমেদ প্রধানের আদালতে গতকাল বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরী। মামলায় ইউএনও’র অফিস সহকারী হরিপদ দাসসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে। মামলাটি গ্রহণ করলেও আদালত তাত্ক্ষণিক কোনো আদেশ দেননি।

মামলার বিবরণে বাদি উল্লেখ করেন, গত ৬ মার্চ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁধে মাটির কাজের ২ লাখ টাকার বিলের একটি চেকে সই করার জন্য ইউএনও মো. জসিম উদ্দিন তার অফিস সহকারী হরিপদ দাশকে উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন চৌধুরীর কাছে পাঠান। কাজটির প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন না করায় তিনি চেকে সই দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় অফিস সহকারী হরিপদ তাকে বলেন ইউএনও নির্দেশ দিয়েছেন চেকটি সই করার জন্য। কিন্তু তাতেও প্রকৌশলী রাজি হননি। পরে অফিস সহকারী চেক সই না দেওয়ার কথা ইউএনও জসিম উদ্দিনকে জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি সাথে আরও কয়েকজনকে নিয়ে প্রকৌশলীর কক্ষে গিয়ে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে তাকে গ্রেফতারের আদেশ দেন। পরে তাকে ইউএনও’র কক্ষে নিয়ে আটক রাখা হয়। পরে মুচলেকা দিয়ে উপজেলা প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিন ছাড়া পান। এ ঘটনায় প্রকৌশলী নিজের ও তার বিভাগের কমপক্ষে ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদিপক্ষের আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ বলেন, একজন সরকারি কর্মকর্তা আরেকজন সরকারি কর্মকর্তার সাথে এমন আচরণ করতে পারেন না।