বগুড়ায় কৃষককে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সিদ্দিকুর রহমান বুদা (৪৫) নামের এক কৃষককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
 
নিহত সিদ্দিকুর রহমান বুদা গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের আমলিচুকাই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। সংঘর্ষে নিহতের মা ও ভাই আহত হয়েছেন। এঘটনার জের ধরে ঘাতকের বাড়ি ঘরে আগুন দিয়েছে নিহতের লোকজন।
 
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিদ্দিকুর রহমান বুদার সাথে জমি-জমা নিয়ে একই গ্রামের আব্দুলের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বুদা তার জমিতে গোবরের সার দেয়ার সময় আব্দুল ও তার লোকজন বুদার মাথায় কোদাল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বুদার মৃত্যু হয়। খবর পেয়ে নিহত বুদার মা অলেদা বেগম (৫০) ও ছোট ভাই জহুরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারপিট করা হয়। আহত অবস্থায় তাদের দু’জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হত্যার ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ আত্মীয়স্বজন আব্দুলের বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় বাড়ির লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।