বগুড়ার শিবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় উপজেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বিনয় চন্দ্র মোহন্ত (৫২) নিহত হয়েছেন। গুরুতর আহত হন তার স্ত্রী লতা রাণী(৪৫)। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চক ভোলাখাঁ মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিনয় চন্দ্র পৌর এলাকার বানাইল মহল্লার মৃত সুবল চন্দ্র মোহন্তের ছেলে। এদিকে এই ঘটনায় শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা সদরের সকল দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
নিহতের বড় ভাই গোপাল চন্দ্র মোহন্ত জানান, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে হেঁটে চক ভোলাখাঁ মহল্লা থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোকামতলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাদেরকে সঙ্গে নিয়ে নিচে জমিতে পড়ে যায়। এতে দু’জনই গুরুতর আহত হয়। পরে তাদের বগুড়া শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে দ্রুত সাভারের এনাম আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আহসান হাবীব জানান, সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।