ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে দুই নারী ও এক শিশুসহ ছয়জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা। শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের নোড়ারচকের এবাদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা লক্ষ্মীদাঁড়ির ইব্রাহীম গাজি, একই গ্রামের মফিজুল ইসলাম, কলারোয়ার ব্রজবাকসা গ্রামের আছিরা খাতুন এবং পাইকগাছার লক্ষ্মীখোলার খরিয়া গ্রামের জোহরা খাতুন ও তার সাত বছরের শিশু কন্যা মিম আক্তার।
বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, শুক্রবার দুপুরে মানবপাচারকারীরা তাদেরকে তলুইগাছা সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে যাবার চেষ্টা করছিল। এসময় বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দর আলি ও তার সঙ্গীরা তদেরকে উদ্ধার করেন। এ সময় সুযোগ বুঝে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়নি।
তলুইগাছা বিওপির সুবেদার হায়দার আলী উদ্ধারকৃতদের বরাত দিয়ে জানান ‘কয়েকজন পাচারকারী ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে সীমান্তে নিয়ে আসে। এ জন্য তাদের কাছ থেকে বেশ কিছু টাকাও হাতিয়ে নেয় তারা। তাদেরকে পাচারের চেষ্টা করতেই তারা বিজিবির নজরে আসলে তাদের উদ্ধার করা হয়। এ সময় সুযোগ বুঝে পাচারকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধারকৃতদের সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।