নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পাথর ভর্তি ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ফরহাদ হোসেন (২৯) ও এনামুল হোসেন (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার রাত নয়টায় উপজেলার বাইপাস সড়কের মনছুর ইটভাটা সংলগ্ন এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত মেরাজুল ইসলাম (২০) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়রতপুর গ্রামের আবুল মিয়ার ছেলে। আহত এনামূল একই গ্রামের মজিবর রহমান ও বাদশা একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত খাদেমুলের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।