স্পোর্টস রিপোর্টার
প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিল ভারত। সেখান থেকে নাটকীয়ভাবে ৫ ম্যাচের সিরিজে ফিরে এসেছিল অস্ট্রেলিয়া। গতকাল দিল্লীতে ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। আর সেই ম্যাচেই ভারতকে গুঁড়িয়ে দেওয়ার পথে অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ৯ উইকেটে করেছিল ২৭২ রান। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান তুলেছে ভারত।
অস্ট্রেলিয়াকে বড় স্কোরের ভিত্তি তৈরি করে দিয়েছিলেন উসমান খাজা। এই সফরের আগে খাজার কোনো সেঞ্চুরি ছিল না ওয়ানডেতে। রাচিতে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন। আর গতকাল পেলেন দ্বিতীয় সেঞ্চুরি। এই সিরিজে আরেক জন ফর্মে থাকা ব্যাটসম্যান পিটার হ্যান্ডসমকম্বের সঙ্গে মিলে দারুণ একটা শুরু এনে দিয়েছিলেন খাজা। ১ উইকেটে ১৭৫ রান তুলে ফেলেছিল তারা। খাজা ১০৬ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ১০০ রান করে আউট হন। কিন্তু নিচের দিকের ব্যাটসম্যানরা এই শুরুটা কাজে লাগাতে পারেননি। ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা আটোসাঁটো বোলিং করে আটকে রাখেন অস্ট্রেলিয়াকে। ফলে ২৭২ রানের বেশি যেতে পারেনি তারা।
জবাব দিতে নেমে ভারতকেও ভালো শুরু এনে দেন রোহিত শর্মা। যদিও শিখর ধাওয়ান মাত্র ১২ রান করে ফিরে আসেন। এরপর কোহলি নিজের ঘরের মাঠে ২০ রান করে ফেরেন। ফলে রোহিত শর্মা সেই অর্থে সঙ্গ পাচ্ছিলেন না। ঋষভ পান্ট ও বিজয় শঙ্কর ১৬ করে রান করেন। এই সময় রোহিতের প্রতিরোধও ভেঙে পড়ে। তিনি ৫৬ রান করে ফিরে আসেন।