সাভারের আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৭জন। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার টাকসুর এলাকার জিন্সটাউন নামের পোশাক তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে কারখানায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। মুহূর্তেই পুড়ে যায় কারখানার গুদামে রাখা সমস্ত কাঁচামাল ও মূল্যবান মালামালকে। আগুনের খবর পেয়ে প্রথমে ডিইপিজেড (ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও পরে ধামরাইসহ পার্শ্ববর্তী এলাকার আরো ৫টি ইউনিট যোগ দেয় অগ্নিনির্বাপণে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।