সেরা পাঁচে ওয়াগনার
স্পোর্টস রিপোর্টার
এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জিতে গেলেও দারুণ ফর্মে আছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। দুই টেস্টে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তারই প্রভাব এবার পড়লো গতকাল বুধবার প্রকাশিত আইসিসির টেস্ট র্যাংকিংয়ে।
রিয়াদ ক্যারিয়ারের সেরা ব্যাটিং র্যাংকিংয়ে পৌঁছে গেছেন। ছয় ধাপ এগিয়ে তিনি এখন ৩৪তম অবস্থানে আছেন। প্রথমবারের মতো ১০০ জনের মধ্যে ঢুকে গেছেন সাদমান ইসলাম। এ ওপেনার ১০২ থেকে ৯৮তম অবস্থানে চলে এসেছেন। মোহাম্মদ মিথুন ১৪০ থেকে ১১৫-তে আছেন।
বোলারদের মধ্যে বড় উন্নতি হয়েছে পেসার আবু জায়েদ রাহির। ওয়েলিংটনে তিন উইকেট পাওয়া এ পেসার ১৮ ধাপ এগিয়ে এখন আছেন ৭৭তম অবস্থানে। তবে প্রসঙ্গ যখন টেস্ট বোলারদের, তখন আলাদা করে বলতে হয় নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নিল ওয়াগনারের কথা।
৩২ বছর বয়সী এ পেসার ওয়েলিংটনে দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন ৯ উইকেট। এর সুবাদে তিনি চলে এসেছেন র্যাংকিংয়ের সেরা পাঁচে। ছয় ধাপ এগোনো এ পেসারের আগের অবস্থান ছিল ১১।
এরই মধ্য দিয়ে মাত্র তৃতীয় ব্ল্যাক ক্যাপ পেসার হিসেবে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের ইতিহাসে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৭৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েলিংটন টেস্ট খেলতে নামা ওয়াগনারের রেটিং পয়েন্ট এখন ৮০১। এর আগে এ মাইলফলকে পৌঁছেছিলেন কেবল ট্রেন্ট বোল্ট (৮২৫) ও সর্বকালের সেরাদের একজন স্যার রিচার্ড হ্যাডলি (৯০৯)। এ ছাড়া ২০১৪ সালের জুনে এ কীর্তি গড়ার খুব কাছাকাছি পৌঁঁছে গিয়েছিলেন টিম সাউদি। তবে, তাকে ৭৯৯ রেটিং পয়েন্টেই থামতে হয়।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে আরো এগিয়েছেন ট্রেন্ট বোল্ট। এক ধাপ এগিয়ে তিনি চলে এসেছেন র্যাংকিংয়ের সাতে। বোলারদের মধ্যে এখনো সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ওয়েলিংটন টেস্টে সবচে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল রস টেলরের। ২০০ রানের ইনিংস খেলা এ ব্যাটসম্যান ১১ ধাপ এগিয়ে চলে এসেছেন ব্যাটসম্যানদের মধ্যে ১৩তম অবস্থানে। দুই ধাপ এগিয়েছেন সেঞ্চুরিয়ান হেনরি নিকোলস। তিনি দুই ধাপ এগিয়ে চলে এসেছেন র্যাংকিংয়ের পাঁচে। এ পথে তিনি টপকে গেছেন ইংল্যান্ডের জো রুট ও বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা ডেভিড ওয়ার্নারকে। নিকোলস ছুঁয়েছেন ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৭৭৮।
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন কেন উইলিয়ামসন। দুইয়ে থাকা এ ব্ল্যাক ক্যাপ অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৯১২। সর্বশেষ টেস্টেও তিনি একটা হাফ সেঞ্চুরি করেছেন। তারপরও তার রেটিং পয়েন্ট তিন কমে গেছে। শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সাথে তার রেটিং পয়েন্টের ব্যবধান এখন ৯।
অলরাউন্ডারদের সেরা পাঁচ এখনো আগের মতোই আছে। প্রথম পাঁচজন হলেন যথাক্রমে— জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), সাকিব আল হাসান (বাংলাদেশ), রবীন্দ্র জাদেজা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড) ও ভার্নন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা)।