তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশ থেকে মৎস্য ভাণ্ডার হারিয়ে যেতে বসেছিল। বর্তমান সরকার মৎস্য ভাণ্ডার সমৃদ্ধ করতে অভয়াশ্রমের ঘোষণা দিয়ে নতুন নতুন আইনের মাধ্যমে নদী, খাল, বিল ও পুকুর খননের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় জেলেদের পরিচয়পত্র ও মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।
শনিবার দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে বাইসাইকেল ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
IMG0
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম, মৎস্য অধিদপ্তরের জেলে নিবন্ধন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান তরফদার ও সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
পরে প্রতিমন্ত্রী ১২ জন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মধ্যে বাইসাইকেল ও চার হাজার ৯৫৪ জন জেলেকে পরিচয়পত্র প্রদান করেন। এছাড়া তিনি ২৮ জন প্রতিবন্ধীর মধ্যে ৭৫ হাজার টাকা বিতরণ করেন।