মাগুরায় স্কুল শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিল ছাত্ররা

স্কুলের শিক্ষা সফরের জের ধরে  মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাসের  হাত ও পা ভেঙ্গে দিয়েছে ছাত্ররা। শনিবার বিকালে ওই শিক্ষক স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। রাতে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আহত শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাস জানান- বৃহস্পতিবার তারা স্কুলের শিক্ষা সফরে মুজিবনগর যান। সেখানে খাবার পরিবেশন নিয়ে স্কুলের দশম শ্রেণির ছাত্র আজিম, রাব্বি, আল আমিন ও সুজনসহ বেশ কয়েকজন ছাত্র উচ্ছশৃঙ্খল আচরণ করে। এ সময় তিনি ওই ছাত্রদের ধমক দিয়ে নিবৃত করেন। এতে তারা ক্ষুব্ধ হয়। এ ঘটনার জের ধরে শনিবার বিকালে স্কুল থেকে মাগুরা শহরের বাড়ি ফেরার পথে আলমখালি এলাকায় ওই ছাত্ররা তার ওপর হামলা চালায়। তাদের হামলায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে নিচে পড়ে যান। ছাত্রদের লাঠির আঘাতে তার এক হাত ও এক পা ভেঙ্গে যায় । পরে এলাকাবাসী সন্ধ্যায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। 
 
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান- আঘাতের কারণে ওই শিক্ষকের ডান হাত ও বাম পা ভেঙ্গে গেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
শিক্ষকের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংবরণ বিশ্বাস। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।