জীবননগর-কালীগঞ্জ সড়কের তাজুল পোল্টি ফার্মের কাছে আবার ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতদল সড়কের উপর গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সসহ কয়েকটি ট্রাকে ডাকাতি করে।
ডাকাতদলের কবলে পড়লে অ্যাম্বুলেন্সের ড্রাইভার দানেশ আলী ডাকাতদলের ‘অনুকম্পা’ পেতে এ সময় তাদের বলেন অ্যাম্বুলেন্সে লাশ রয়েছে। এ কথার উত্তরে ডাকাত দলের মুখোশ পরিহীত নেতা বলেন, ‘অ্যাম্বুলেন্সে লাশ, আছে তাতে কী হয়েছে? টাকা ও মালামাল যা আছে, সব দে। মারমুখি আচরণের কারণে এ সময় অ্যাম্বুলেন্স ড্রাইভার দানেশ তার কাছে থাকা এক হাজার টাকা ও লাশের আত্মীয়-স্বজন তাদের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল সেট ডাকাতদের হাতে তুলে দেয়। পরে বেশ কয়েকটি ট্রাকে ডাকাতি করে ডাকাতদল পালিয়ে যায়।
উপজেলার নারায়ণপুর গ্রামের রওশন আলীর ছেলে মাংস ব্যবসায়ী আফজাল হোসেন (৪০) শনিবার দিবাগত রাতে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হলে একই অ্যাম্বুলেন্সযোগে লাশ ফেরত আনার পথে অ্যাম্বুলেন্সটি ডাকাতদলের কবলে পড়ে।
গত মাসের দ্বিতীয় সপ্তাহে একই স্থানে বেশ কয়েকটি নৈশকোচ ও ট্রাকে ডাকাতি করা হয়।