বিভিন্ন স্থানে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ইত্তেফাক ডেস্ক

কৃষি-কৃষক-ক্ষেতমজুরদের বাঁচাতে নয় দফা দাবিতে বুধবার দেশব্যাপী কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

গাইবান্ধা: ‘কৃষি কৃষক ক্ষেতমজুর বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সভাপতি গোলাম সাদেক লেবু, সংগঠক গোলাম রব্বানী, কৃষক সমিতির জেলা নেতা সুভাশ শাহ রায় প্রমুখ।

কিশোরগঞ্জ:জাতীয়সহ স্থানীয় ২৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা শহরে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকাল বুধবার শহরের স্টেশন রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,  জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট  মোঃ শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদ ভুঁইয়া, সেলিমউদ্দিন খান, সাজেদুল ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা নূরুল হক ভুঁইয়া, মোঃ আলাল মিয়া প্রমুখ। পরে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।

বগুড়া: বগুড়ায় কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  সংগ্রাম পরিষদের  জেলা নেতা, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলার সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ও মজুর সংহতি বগুড়া জেলা নেতা আব্দুর রশিদ, বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা সভাপতি সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট (মার্কসবাদী) বগুড়া জেলা আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতি যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করেছে। নয় দফা দাবিতে পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ এই মানববন্ধর ও সমাবেশ হয়। বক্তব্য রাখেন, উপজেলা কৃষক সমিতির আহ্বায়ক লুত্ফর রহমান, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ফকির, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড হারুন আল বারী প্রমুখ।