তামিমকে অপমানসূচক প্রশ্ন করে বাংলাদেশিদের রোষানলে রমিজ

 
পাকিস্তান ক্রিকেট লিগের (পিসিএল) পুরস্কার বিতরণীকে কেন্দ্র করে আবারো বাংলাদেশি ক্রিকেটভক্তদের সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা। শনিবার পিএসএলের ম্যাচ শেষে তামিম ইকবালকে ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে সাক্ষাত্কার নেয়ার সময় তিনি প্রশ্ন বলেন, ‘আমি তোমার ভাষা জানি না, তুমি কি ইংরেজিতে বলবে নাকি...।’
 
রমিজ রাজার এই প্রশ্নে চটেছেন বাংলাদেশি ক্রিকেটভক্তরা। এই ঘটনার ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর কড়া সমালোচনা করছেন অনেকে।
 
অনেকে ধারণা করছেন, তামিম ইংরেজি কিংবা উর্দুতে কথা বলবেন কিনা সেটিই জানতে চেয়েছিলেন রমিজ রাজা। তবে এর আগেও রমিজ রাজা বিভিন্ন সময় তামিম ইকবালের সাক্ষাতকার নিয়েছেন এবং সেই ম্যাচেও এর আগে তামিমের সাক্ষাতকার নিয়েছিলেন। তারপরও এ ধরনের প্রশ্ন করাটা অবাক করেছে অনেককে।
 
টুইটারে তারিফ নামের একজন লিখেছেন, ‘তামিম রমিজ রাজা থেকে ভালো ইংরেজি বলে, এমন বোকাভাবে তামিম ইকবালকে প্রশ্ন করা দেখে আমি অবাক।’ তবে তামিম ইকবাল হাসিমুখেই বলেন তিনি ইংরেজিতে কথা বলবেন এবং সাক্ষাতকারটিও তিনি ইংরেজিতেই দেন।
 

রমিজ রাজা এর আগেও বাংলাদেশি ক্রিকেটভক্তদের রোষানলে পড়েছেন। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় বাংলাদেশ দল নিয়ে বিরুপ মন্তব্য করায় বাংলাদেশি ক্রিকেটভক্তরা তার সমালোচনা করেন। সে সময় সাবেক এই ক্রিকেটারের কুশপুত্তুলিকাও দাহ করা হয় ঢাকায়।