রাজশাহী কলেজে ছাত্রলীগ-ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৫

রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জাহেদুল ইসলাম ইমনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী কলেজের কলা ভবনের ৩০২ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস শুরু হয়। বেলা সোয়া ১১টায় ওই কক্ষের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবির নেতা মতিনসহ তার কর্মীরা যোগ দিলে ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ কর্মী ইমনসহ বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের মধ্যে ইমনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলেরও বেশ কয়েকজনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।