যোগ করা সময়ে দিয়েগো কস্তার গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরাজয় এড়িয়েছে চেলসি। বহুল প্রত্যাশিত এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
রবিবার ম্যাচের প্রথম আধঘণ্টা ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের রক্ষণ সামলানোর দিকে বেশি মনোযোগ দিতে হয় শিরোপাধারী চেলসির। এরপর পাল্টা আক্রমণে অতিথিদের রক্ষণের পরীক্ষা নেয় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যেতে পারত চেলসি। উইলিয়ানের ক্রস এক জনের গায়ে লাগলে পেয়ে যান জন টেরি। তার জোরালো শট ঠেকিয়ে দেন ডেলি ব্লিন্ড। এই সময়ে বল তার হাতে লাগে, তবে ইচ্ছেকৃত নয় বলে চেলসির পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরুতে চেলসিকে চেপে ধরে ইউনাইটেড। সুফল পেতে এবার বেশি দেরি হয়নি অতিথিদের। ক্যামেরন ব্রথউইক-জ্যাকসনের নিচু ক্রস ওয়েইন রুনি হয়ে পান জেসি লিঙ্গার্ড। শুয়ে পড়তে পড়তে নেওয়া শটে বল জালে পাঠিয়ে ৬০তম মিনিটে দলকে এগিয়ে নেন এই ইংলিশ মিডফিল্ডার।
৬৭তম মিনিটে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল চেলসি। ব্রানিস্লাভ ইভানোভিচের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। চার মিনিট পর সেস্ক ফ্যাব্রিগাসের শট ঠেকিয়ে দেন তিনি। যোগ করা সময়ে আর দলকে বাঁচাতে পারেননি ডি গিয়া। তাকে ফাঁকি দেওয়ার পর ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে কস্তা উল্লাসে মাতান স্টামফোর্ড ব্রিজকে।
এই ড্রয়ে ২৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি। এর আগে দিনের অন্য ম্যাচে বোর্নমাউথকে ২-০ গোলে হারায় আর্সেনাল। ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। টটেনহ্যাম হটস্পার্সের পয়েন্টও সমান ৪৮, কিন্তু গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। চতুর্থ স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৭। আর শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৫৩। গোল.কম।