মুক্তাগাছায় যুবককে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে শহরের চৌরঙ্গীর মোড় বিষ্ণুসাগর পাড় এলাকায় এক বাড়িতে যুবককে কুপিয়ে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। 
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তারাটি গৌরীপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা হাসেম আলীর ছেলে আহত যুবক ফরিদের (৩০) সঙ্গে তারই চাচি তারাবানুগং এর সঙ্গে জমি সংক্রান্ত ঘটনায় দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ হয়েছে। সমস্যা নিরসনে থানা পুলিশের মধ্যস্থতায় রবিবার সন্ধ্যায় থানায় সালিশ ডাকা হয়। এ সময় ফরিদ, হামলাকারী ফরহাদ, তারাবানু ও শাহজাহান চৌরঙ্গীর মোড় বিষ্ণুসাগর পাড়ে আত্মীয় মুক্তিযোদ্ধা মতির বাড়িতে অবস্থান করছিলেন। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ফরিদের গলায়, পেটে ও ডান হাতে ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় ফরিদকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়। 
 
আহত ফরিদের ছোট ভাই মিজানুর রহমান জানান, ঘটনায় তিনি বাদি হয়ে উপরোক্তসহ আরো কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মাহবুব জানান, হামলাকারী ফরহাদ, তারাবানু ও শাহজাহানকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।