শেষ ওয়ানডেতেও স্বরূপে ম্যাককালাম

ব্রেন্ডন ম্যাককালাম তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচেও স্বভাবসুলভ বিধ্বংসী খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যামিল্টনে ২৭ বলে ৪৭ রান করেছেন তিনি। 
 
নিউজিল্যান্ড অবশ্য ২৪৭ রানে অলআউট হয়ে গেছে। জবাবে এখন পর্যন্ত নয় ওভার শেষে এক উইকেট হারিয়ে ৬৩ রান করেছে অস্ট্রেলিয়া।
 
এর আগে ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ওপেন করতে নামার সময় ম্যাককালামকে গার্ড অব অনার দেয় অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। ঝড়ো গতিতে নয়টি বাউন্ডারিতে ২৭ বলে ৪৭ রান করে ম্যাককালাম। এর মধ্যে তিনটি ছক্কা রয়েছে। স্কট বোল্যান্ডের বিপক্ষে মারা ছক্কাটি ছিল ক্যারিয়ারের ২০০তম।  
 
ওয়ানডেতে তার থেকে বেশি ছক্কা মেরেছেন কেবল আর তিনজন রয়েছেন। মার্টিন গাপটিলের সঙ্গে ৮৪ রানের জুটি গড়ার পরে মিচেল মার্শের বলে জন হ্যাস্টিংয়ের হাতে ধরা পড়েন।   ২৬০ টি ওয়ানডেতে ৬০৮৩ রান করেছেন ৩৪ বছর বয়সী ম্যাককালাম, ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে করা ক্যারিয়ার সর্বোচ্চ ১৬৬ রান।
 
টেস্টে সর্বোচ্চ ১০০ ছক্কার রেকর্ডে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক সঙ্গে আছেন তিনি। অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ১৪ বছরের নিউজিল্যান্ড ক্যারিয়ারের সমাপ্তি টানবেন তিনি। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্রেন্ডন ম্যাককালামের শেষ ম্যাচ।