সেনবাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন জাফর আহমেদ চৌধুরী

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

অবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের তিনবারের নির্বাচিত সভাপতি, জেডএ চৌধুরী গ্রুপের চেয়ারম্যান আলহাজ জাফর আহমেদ চৌধুরী। গতকাল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ পদের একমাত্র বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সানজি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে সকালে উপজেলার সায়েস্তানগর এলাকায় লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ অডিটোরিয়ামে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ বৈঠকে মিলিত হন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক ও নৌকা প্রতীকে প্রার্থী আলহাজ জাফর আহমেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। পরে সভায় আনুষ্ঠানিকভাবে লায়ন জাহাঙ্গীর আলম মানিক তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় জাফর আহমেদ চৌধুরী-লায়ন জাহাঙ্গীর আলম মানিককে ফুল দিয়ে বরণ করে নেন।