মুন্সীগঞ্জের এএসসির এক কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়েছে। সিরাজদিখান উপজেলার ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. নাসির উদ্দিনকে প্রত্যাহারের বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
রবিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ কেন্দ্রটি পরিদর্শণে যান। কোন বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর একই ব্রেঞ্চে পরীক্ষা দেবার নিয়ম না থাকলেও কেন্দ্র সচিব নিয়ম বহিভূতভাবে ওই বিদ্যালয়ের দুইজন করে শিক্ষার্থীকে একই ব্রেঞ্চে পরীক্ষা দেবার ব্যবস্থা করেছেন। তাছাড়া পরীক্ষা হলে ডিউটিরত শিক্ষকদের (ইনভিজিলেটর) পরিচয়পত্র বা আইডি কার্ড বুকে ঝুলানোর বিধান থাকলেও পরিদর্শণকালে অতিরিক্ত জেলা প্রশাসক তা শিক্ষকদের কাছে দেখতে পাননি।
এর আগে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজ সুমা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রে গেলে কেন্দ্রের মেইন গেট তালা বন্ধ পাওয়া যায়। প্রায় ১০-১৫ মিনিট ইউএনওকে গেটে দাঁড়িয়ে থাকতে হয় গেট খোলার জন্য। বিলম্বের কারণ সম্পর্কে চাবি পাওয়া যাচ্ছিল না বলে জানানো হয়।