ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বুধবার সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচির সমেশপুরে বেলা ১১টার দিকে বাসচাপায় ভ্যান চালক নিহত এবং দুইজন আহত হয়েছে। নিহত আব্দুল কদ্দুস পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ওসি আনোয়ার হোসেন জানান, এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সমেশপুরে এসে একটি ভ্যান রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আব্দুল কদ্দুস মারা যায় এবং আরও দু’জন আহত হয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সকালে পিকআপ ভ্যানের চাপায় আবুল কাশেম নামে একজন পথচারী নিহত হয়েছে। ঢাকা-রায়পুর মহাসড়কের বটতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম মান্দারী ইউনিয়নের রতনেরখিল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান খাঁন জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যান পথচারী আবুল কাশেমসহ অন্যদের চাপা দেয়। পরে তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিত্সক আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা রেলগেট এলাকায় সকালে ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়। নিহত হাসান (৯) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চরখালী বাজাইল গ্রামের আলী হোসেনের ছেলে ও ভাটিপাড়া বালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুর রহমান জানান, ফুলবাড়িয়া উপজেলার চরখালী ও ভাটিপাড়া বালার চর এলাকার ৪০/৪৫ জন শিশু-কিশোর সকালে দুর্গাপুরে পিকনিকের বাসে রওনা দেয়। বাসটি পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা রেলগেট এলাকায় পৌঁছলে শিশু-কিশোররা প্রকৃতির ডাকে সাড়া দিতে নামে। রাস্তা পারাপারের সময় দূর্গাপুরগামী একটি ট্রাক হাসানকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আশপাশের উত্তেজিত জনতা ট্রাকটি আটকিয়ে চালক নাজমুল ইসলাম ও হেলপার সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।