লালপুরে প্রধান শিক্ষককে হুমকির প্রতিবাদে মিছিল ও মানববন্ধন

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম হোসেনকে ঢাকা থেকে তুলে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা আদায় এর প্রতিবাদে শালেশ্বর এলাকায় বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক। মানববন্ধনকালে শিক্ষক, কর্মচারী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি (প্রস্তাবিত) আলতাব হোসেন বলেন, স্বেচ্ছাচারিতার মাধ্যমে এনামুল হক এলাকায় প্রতিষ্ঠানটির সম্মান নষ্ট করেছেন। এখন শিক্ষার পরিবেশ নষ্টের জন্য প্রধান শিক্ষককে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। এতে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ভুক্তভোগী শিক্ষক ইসলাম হোসেন বলেন, কোনো অবৈধ নিয়োগ বা কাজে সমর্থন না করায় বিতর্কিত এডহক কমিটি আমার ওপর প্রতিশোধপরায়ণ হয়ে উঠে। আইনের বিধান মতে তারা আমাকে বরখাস্ত করেনি যা প্রমাণিত হয়েছে। দীর্ঘ নয় বছর বেতন-ভাতা না পেয়ে পরিবার নিয়ে আমি মানবেতর জীবনযাপন করছি। এখন স্বপদে ফিরলেও এনামুল হক আমাকে হুমকিসহ হত্যার চেষ্টা অব্যাহত রেখেছে। ন্যায়বিচার পাওয়াই কি আমার অপরাধ? আমি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।

অভিযুক্ত এনামুল হকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।