খুলনায় অস্ত্র মামলায় যুবকের ২২ বছরের কারাদণ্ড

খুলনায় অস্ত্র মামলায় মো. শহীদুল ইসলাম (৩৮) নামে এক যুবকের ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
 
সোমবার বিকেলে খুলনা মহানগর দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। রায় প্রদানকালে আসামি শহীদুল আদালতে উপস্থিত ছিলেন। শহীদুল যশোর শহরের নীলগঞ্জের মো. নূরুল ইসলামের ছেলে।
 
আদালত সূত্র জানায়, শহীদুলকে অস্ত্র আইনের একটি ধারায় ১৫ বছর কারাদণ্ড এবং অন্য ধারায় ৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ মামলার অপর আসামি সবুজকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
 
২০১৪ সালের ২১ মার্চ নগরীর গল্লামারী পুলিশ বক্সের সামনে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাসে পুলিশ তল্লাশি চালায়। এ সময় পুলিশ একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড কার্তুজসহ শহীদুল ইসলামকে গ্রেফতার করে। পরে শহীদুলের স্বীকারোক্তিতে সবুজ নামে আরো একজনকে এ মামলায় আসামি করা হয়।