র্যাগিং, নিপীড়নের অভিযোগে যবিপ্রবির দুই ছাত্রকে আজীবনসহ নয়জন বহিষ্কার

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থীকে আজীবনসহ নয় ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। প্রথমবর্ষের ন্যূনতম ১২ জন শিক্ষার্থীকে র্যাগিং, যৌন নিপীড়ন ও বিকৃত যৌনচারে বাধ্য করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। শাস্তিপ্রাপ্তদের দুইজনকে আজীবন, একজনকে দুইবছর এবং অপর ছয়জনকে একবছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের অপরাধের বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ও ভুক্তভোগী সকলেই যবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র।  

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।

আজীবন বহিষ্কৃত ছাত্ররা হলেন, দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ অলি উল্লাহ ও মাহমুদুল হাসান, দুই বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন চতুর্থ বর্ষের ছাত্র রজিবুল হক রজব, এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন চতুর্থ বর্ষের ছাত্র মোঃ আবদুল কাদের, দ্বিতীয় বর্ষের ছাত্র আল মুজাহিদ আফ্রিদি, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান রোকন, অনুপ মালাকার এবং মোঃ শামীম বিশ্বাস। একইসঙ্গে এ ঘটনায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে চতুর্থ বর্ষের ছাত্র আবু বক্কর সিদ্দিকী, দ্বিতীয় বর্ষের ছাত্র শতদল পাল ও ইমরান হোসেনকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন র্যাগিংসহ শৃঙ্খলা পরিপন্থি কোনো কর্মকাণ্ডে জড়িত থাকবে না মর্মে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের আইনানুগ অভিভাবক এবং তিনি নিজে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার না দিলে ওই তিনজন ছাত্রকেও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়।