চন্দনাইশ পৌর এলাকার ৮নং ওয়ার্ডের নাথ পাড়ার একই পরিবারের প্রতিবন্ধী ডেজি নাথ (২১), নন্দিতা নাথ (১৯) ও বিপ্লব নাথ (১৭) মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রতিবন্ধীদের মা নমিতা রানী নাথ বলেন, তার স্বামী অজিত্ নাথ পেশায় কাঠমিস্ত্রী। সারাদিনে যা মজুরি পান তা দিয়ে কোনরকমে চলে ৮ সদস্যের পরিবার। মাথা গোঁজার জন্য ছোট্ট বসতঘর ছাড়া তাদের নেই কোন সহায়-সম্বল। তার উপর ৩ প্রতিবন্ধী সন্তান নিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে পরিবার। নন্দিতা রানী অশ্রুসিক্ত নয়নে আরো বলেন, আজ পর্যন্ত তাঁরা পায়নি কোন সরকারি সুযোগ-সুবিধা। তবে রামকৃষ্ণ মিশন থেকে ৩টি হুইল চেয়ার পেয়েছেন।
ইউনিয়ন সোশ্যাল ওয়ার্কস কর্মী শফিউল আজম বলেন, চন্দনাইশে প্রতিবন্ধীর সংখ্যা ২৬০১ জন। তন্মধ্যে প্রতিমাসে ৫০০ টাকা করে সরকারি ভাতা পাচ্ছেন ৬০৮ জন। উপজেলা সমাজসেবা অফিসার শফিউদ্দিন বলেন—জনপ্রতিনিধিরা এই ৩ প্রতিবন্ধীর তথ্য দেননি বলে সরকারি সুযোগ পায়নি।