চাপমুক্ত থেকেই খেলবে বাংলাদেশ

ছোটদের বিশ্বকাপের আগের আসরগুলোতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলটি এবারই প্রথম সেমিফাইনালে উঠেছে। ট্রফির লড়ায়ে অংশ নিতে হলে আরেকটি ধাপ অতিক্রম করতে হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দলটিকে। প্রত্যাশার চেয়ে ভালো ক্রিকেট খেলা দলটিকে সামনের ম্যাচগুলোতে চাপ মুক্ত থেকে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বোর্ড সভাপতির সেই কথারই পুনরাবৃত্তি করলেন যুব দলের ওপেনার জয়রাজ শেখ ইমন।
 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগামী বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে অনুশীলন করে বাংলাদেশ। সেমিফাইনালে নিজেদের প্রস্তুতি ভালো আছে জানিয়ে গতকাল মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের জয়রাজ বলেন, ‘প্রস্তুতি খুব ভালো আছে। তবে ফাইনাল নিয়ে এখনই ভাবছি না। একেকটা করে চিন্তা করছি। এখন সামনে সেমিফাইনাল। একটা ম্যাচের প্রস্তুতি নিয়েছি। অতিরিক্ত চাপ অনুভব করছি না।’
 
বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জয় লাভ করে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে সর্বশেষ সিরিজে দাপুটে জয়ের ফলে সেমিফাইনালের জন্য ভেতরে ভেতরে ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার আকাঙ্ক্ষা করলেও যে কোনো দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এমনটি জানিয়ে ইমন বলেন, ‘আসলে ওয়েস্ট ইন্ডিজ চাওয়া ছিল, তা নয়। সব দলের জন্যই আমরা প্রস্তুত আছি। ওয়েস্ট ইন্ডিজ আসায় আমাদের একটু লাভ হয়েছে, ওদের সঙ্গে সর্বশেষ অনেক ম্যাচ খেলেছি। সিরিজখেলা হয়েছে। ওদের সম্পর্কে ভালোভাবে জানি।’
 
সেমিফাইনালে ক্যারিবিয়ানদের পাওয়ায় অতীত রেকর্ড আমাদের অনুপ্রেরণা যোগাবে জানিয়ে যুবাদের এই ওপেনার বলেন,  ওদের সঙ্গে সর্বশেষ যে কটিম্যাচ খেলেছি, আধিপত্য বজায় রেখেই খেলেছি। আমরা জিতেই এসেছি। এ দিক দিয়ে আমরা এগিয়ে থাকব। আশা করি সেমিতে ওদের সঙ্গে ভালো খেলব।’ নিজেদের মাঠে খেলা হওয়ার বাড়তি সুবিধা পাবো জানিয়ে জয়রাজ বলেন, ‘এখানকরা উইকেট আমাদের চেনা। আবহাওয়া এবং দর্শক আমাদের চেনাজানা। দর্শকেরা অনেক সমর্থন করছে, এটা আমাদের কাজে দিবে।