রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যায় তিনজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও স্থানীয় ছাত্রলীগের নেতা রবিউল ইসলাম রবি হত্যা মামলায় ছাত্রশিবির ও ছাত্রদলের তিন নেতাকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, মহানগরীর মেহেরচন্ডি এলাকার হাসান হকের ছেলে সেতু ইসলাম, বাবু কসাইয়ের ছেলে বাবলা ও বাবলু ড্রাইভারের ছেলে সোহাগ।

আদালতের বিশেষ পিপি এন্তাজুল হক বলেন, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে প্রধান আসামি সেতু ইসলাম এখনো পলাতক। রায় ঘোষণার সময় অপর নয় আসামি হাজির ছিলেন।