নাচোল থেকে অপহৃত শিশু চাটমোহরে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে অপহৃত ১১ বছরের এক শিশুকে মঙ্গলবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার মহরমখালি গ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ।
 
উদ্ধারকৃত ওসমান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আলী শাহপুর গ্রামের হাজী সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন চাটমোহরের মহরমখালি গ্রামের আ. করিম কসাইয়ের ছেলে মহরম হোসেন (২৫) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের আবুল কাশেম মালিথার ছেলে রাজু ওরফে আকাশ (৩২)।
 
চাটমোহর থানার ওসি (তদন্ত) মো. নুরুজ্জামান জানান, গত ৫ ফেব্রুয়ারি শিশু ওসমানকে অপহরণ করা হয়। পরে তাকে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহরমখালি গ্রামে মহরম হোসেনের বাড়িতে আটকে রেখে মুক্তিপণের দাবি করা হয়। ওসমানের পরিবার ১০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে প্রদান করে।
 
ওসি আরো জানান, রাজু নাচোলে চাকুরি করার সুবাদে ওসমানের পরিবারের সাথে সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে শিশু ওসমানকে অপহরণ করে চাটমোহরে নিয়ে আসে। মোবাইল ট্যাকিং এর মাধ্যমে র‌্যাব-১২ পাবনা ক্যাম্প নিশ্চিত হয়, শিশুটি চাটমোহরেই আছে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা ও চাটমোহর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মহরমখালি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী দলের ২ জনকে গ্রেফতার করে।