যশোরে বিরল প্রজাতির ১১৮টি কচ্ছপ ও ৩০০ বোতল ফেনসিডিলসহ যুবক জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)-৬।
মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল গফুরের ছেলে। কচ্ছপগুলো বুধবার বণ্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর খুলনা কার্যালয়ে হস্তান্তর করা হবে।
র্যাব-৬ এর যশোর কার্যালয়ের অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-মেহেদি জানান, ইঞ্জিন চালিত একটি নছিমন ভ্যান যশোর থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে র্যাব সদস্যরা চুড়ামনকাটি এলাকায় তল্লাশি করে। এ সময় পাঁচটি বস্তার ভিতর থেকে ১১৮টি কচ্ছপ ও দুটি বস্তার ভিতর থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব সদস্যদের দেখে নছিমনের চালক পালিয়ে যায়। তবে নছিমনের পিছনে মোটরসাইকেলে থাকা জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়।