মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শাহ ডিঙ্গির মাজারে বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ হালীম উল্ল্যাহ চৌধুরী এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কৃপাসিন্ধু দাস জানান।
দণ্ডপ্রাপ্ত মারুফ মোহাম্মদ ইসহাক (৩২) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলতাফুর রহমানের ছেলে। তিনি কুলাউড়ার কর্মধা গ্রামে একটি বাড়িতে লজিং থেকে স্থানীয় মাদ্রাসায় পড়তেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাফিজ মোহাম্মদ কামরুল ইসলাম ও লুত্ফুর রহমান হারুন নামে দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার নথির বরাত দিয়ে এপিপি কৃপাসিন্ধু জানান, ২০০৫ সালের ২০ ফেব্রুয়ারি রাত সোয়া আটটার দিকে পৃথীমপাশা ইউনিয়নের শাহ জিংগীর মাজারে বোমা হামলা করে হরকাতুল জিহাদ সদস্য মারুফ মোহাম্মদ ইসহাক। এ সময় স্থানীয়রা মারুফকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। ওই রাতেই পৃথীমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী নকি খান বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেন।